১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী

অধ্যাপক এম শামসুল হকসহ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান।

যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 01:49 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, “ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক এম শামসুল হকসহ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান।”

গুলশানের বাসা থেকে সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিন রোববারও সচিবালয়ে অফিস করেছেন তিনি।

আতিকুর রহমান রুমন জানান, শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সাথে কথা বলেছেন এবং তাদের মতামত শুনেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

মন্ত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও বৈঠকে ছিলেন।