Published : 28 Mar 2026, 01:07 PM
জ্বালানি তেলের মজুদ ঠেকানোর পাশাপাশি বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের ৯ জেলার ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার বিজিবি মোতায়েন করা হয় বলে বাহিনীর সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।
এতে বলা, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের ‘অপচেষ্টা’ পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে বাহিনীর সদস্যরা কাজ করছেন।
ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে বার্তায় জানানো হয়েছে।
গেল বুধবার সকাল থেকে সর্বমোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো রয়েছে।
বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়নে দায়িত্ব পালন করছে।
বিজিবি বলছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রি প্রতিরোধ এবং নাশকতা প্রতিরোধে তারা তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।
ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা জানিয়ে বিজিবি বলছে, ডিপো এলাকায় বাহিনীর সদস্যদের উপস্থিতির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি জনমনে আস্থা ফেরানো হচ্ছে।
সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছে বিজিবি।
বাহিনীর তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহন নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে।