Published : 21 Aug 2026, 05:39 PM
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের জানাজাস্থল থেকে গ্রেপ্তার তরুণ আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, ছাত্রলীগ নেতা আল রাফি মামলার ঘটনায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে গুলশানের আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা করেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে সহযোগীদের নিয়ে স্লোগান দিয়ে হাতেনাতে ধরা পড়েন।
“তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মিছিল মিটিংয়ে নেতৃত্ব দেওয়ার তথ্য প্রমাণ পাওয়া যায়। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।”
এসআই মোক্তার হোসেন বলেন, আসামির পক্ষে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে তৌফীক নাওয়াজের জানাজার পর দীপু মনির প্রিজন ভ্যান নেওয়া হচ্ছিল বনানী কবরস্থানে। এসময় প্রিজন ভ্যানের পেছনে ছুটছিলেন রাফি। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
ওই মামলার বিবরণে বলা হয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গত ৭ অগাস্ট রাতে গুলশানের পুলিশ প্লাজায় একটি রেস্তোরাঁয় জমায়েত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।