১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলাবাগানে ফ্রিজের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 12:04 AM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ঢাকার কলাবাগান এলাকায় একটি বাসার ফ্রিজের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রাত সোয়া ১১টার দিকে কলাবাগান থানার ওসি ফজলে আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন নারীর লাশ আমরা ফ্রিজের ভেতরে পেয়েছি। আমরা ঘটনাস্থলেই আছি, কাজ করছি।”

ওই নারীর নাম তাসলিমা আক্তার (৪২)। তার স্বামীর নাম নজরুল ইসলাম। ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

পুলিশ বলছে, ওই বাসার অবস্থান কলাবাগানের লন্ডন কলেজের পাশে।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলছেন, এই দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। রোববার রাতে দুই মেয়ে আলাদা ঘরে ঘুমিয়েছিল। সকালে উঠে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, ‘তোমাদের মা আরেকজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছেন’। এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন। পরে মেয়েরা মাকে ফোনে পায় না, বাবাকেও পায় না। এ নিয়ে সন্দেহ হলে তারা মামাদের বিষয়টি জানায়। পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ সেই বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমার লাশ পায়।”

পুলিশ পরিদর্শক রফিকুল বলছেন, লাশে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নজরুল পলাতক রয়েছেন।

পুলিশ বলছে, নজরুল তেমন কিছু করতেন না। একসময় তার আদাবরে বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রির টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় তিনি সংসার চালাতেন।