Published : 25 Nov 2025, 04:00 PM
মুন্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে ‘সমন্বিত’ সহায়তায় অঙ্গীকার করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তার ভাষ্যে, “মুন্ডা সম্প্রদায়ের জীবনে বাস্তব উপকার বয়ে আনতে পারে—এমন যেকোনো নীতি সহায়তা বা পরিবেশগত হস্তক্ষেপ নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত।”
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ন্যাশনাল শেয়ারিং মিটিং: ফ্রম ইমপ্যাক্ট টু অ্যাকশন— মেইনস্ট্রিমিং ক্লাইমেট রেজিলিয়েন্স ফর দা মুন্ডা কমিউনিটি’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন বলে পরিবেশ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, “তাদের সমস্যাগুলো পুরোপুরি সমাধান না করতে পারলেও অন্তত সমাধানের যাত্রা শুরু করতে পারব।”
মুন্ডারা বাংলাদেশের ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্যতম’ সম্প্রদায় মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা বলেন, “তাদের ঐতিহ্য, প্রকৃতিনির্ভর জীবনধারা ও সীমিত আর্থসামাজিক সক্ষমতা বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও নাজুক হয়ে পড়ছে।”
তিনি বলেন, “প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও আপনাদের এখন সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে জলবায়ুর ভঙ্গুরতা, পানির অভাব, ভূমি সংকট ও স্বাস্থ্যঝুঁকিতে।”
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আপনাদের প্রয়োজন, প্রথাগত জীবনধারা ও অধিকারকে সম্মান জানিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে আমরা সদা প্রস্তুত।”
ব্রেকিং দ্য সাইলেন্স’র সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান, অক্সফাম ইন কোরিয়ার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার জুনগুন লি এবং মুন্ডা সম্প্রদায়ের সেলফ হেল্প’র সভাপতি সুরধনী মুন্ডা।