Published : 01 Mar 2026, 09:04 PM
চলতি মার্চ মাসের শেষ দিকে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৈশাখ শুরু হওয়ার আগেই এ মাসে দুই বা তিন দিন হালকা থেকে মাঝারি এবং এক বা দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২ টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।”
তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটি আবহাওয়াবিদ্যায় ‘তাপপ্রবাহ’ হিসাবে ধরা হয়।
৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মৃদু তাপপ্রবাহ; ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারী তাপপ্রবাহ হিসাবে বিবেচিত হয়। আর থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তীব্র তাপপ্রবাহ চলছে বলে ধরা হয়।
কাজী জেবুন্নেসা বলেন, এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
পঞ্জিকার হিসেবে আগামী ১৪ এপ্রিল থেকে বৈশাখ মাস শুরু হচ্ছে। বৈশাখ শুরু হওয়ার আগেই কালবৈশাখী ঝড়ের নজির আছে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, “গত বছর (২০২৫ সালে) ফেব্রুয়ারির শেষ দিকে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছিল।”
চলতি মার্চ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আভাস নেই।
মার্চে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে জানিয়ে অধিদপ্তর বলছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে।
মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজ করবে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
তিনমাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, এপ্রিল থেকে মে মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, “এপ্রিল-মে মাস ঘূর্ণিঝড়প্রবণ সময়। অন্যান্য বছরের মত এসময়ে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।”