১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যা: জুয়েল তিন দিনের রিমান্ডে

গত ৯ সেপ্টেম্বর বিকেল পল্লবীর প্যারিস রোডসংলগ্ন কাঁঠালতলা মাঠে খুন হন সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:57 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ঢাকার পল্লবীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মো. সজীব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মো. মাহবুব হাসান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার বিবরণে বলা হয়, সজীব পল্লবী এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করতেন। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পল্লবী থানার প্যারিস রোডসংলগ্ন কাঁঠালতলা মাঠে সজীবের পথ আটকান আসামিরা। 

দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় সজীব বাধা দিলে আসামিরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সজীবের মা মোসাম্মৎ কহিনুর বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে পল্লবীর একটি বাসা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।