২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সম্পদের তথ্য গোপন: পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুলের সাজা

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকরিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রমনা থানার মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমকে দুটি ধারায় মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকরিয়া হোসেন রোববার এই রায় দেন।

দুটি ধারায় মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও দুই সাজা একত্রে কার্যকর হবে বলে কেবল তিন বছরের সাজাই প্রয়োজ্য হবে। 

পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে,  অনাদায়ে পিডিবির সাবেক এই কর্মকর্তাকে  আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত তার অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে বলে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন । 

রায় ঘোষণার সময় শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন এবং সাজা ঘোষণার পরপরই তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

আসামি আগে থেকেই গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকায়, ফৌজদারি কার্যবিধির ৩৫৭ ধারা অনুযায়ী সেই সময়সীমা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

দুদকের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইয়া বাদী হয়ে ২০১৭ সালে রাজধানীর কলাবাগান ও রমনা থানায় শহীদুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দুটি দায়ের করেন।

শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেছেন বলে রমনা থানার মামলায় অভিযোগ করা হয়।

আর কলাবাগান থানার মামলায় বলা হয়, তিনি ১ কোটি ৭০ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করে সে তথ্য গোপন করে মুদ্রাপাচারের অপরাধ করেছেন।

এদিন রমনা থানার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলার তদন্তকারী এবং চার্জশিট দাখিলকারী কর্মকর্তাও ছিলেন বাদী আখতার হামিদ ভূইয়া।