১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘উন্নতমানের গণপরিবহনের অভাবে ছোট যানবাহনের দাপট বেড়েছে’

আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে উন্নত গণপরিবহনের অঙ্গীকার তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

উন্নতমানের গণপরিবহনের অভাবে দেশে ছোট যানবাহনের ‘দাপট’ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।

সড়ক দুর্ঘটনা ও যানজটের ভোগান্তি দূর করতে উন্নত গণপরিবহন নামানোর পরিকল্পনা আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় মোজাম্মেল হক এই আহ্বান জানান।

তিনি বলেন, “উন্নত গণপরিবহনের অভাবে দেশে রাইড শেয়ারিং মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিক্সার মতো ছোট ছোট যানবাহন দেশের প্রধান বাহনে পরিণত হয়েছে।”

মোজাম্মেল বলেন, “সড়কে প্রতিবছর হাজার হাজার মানুষের প্রাণহানি বন্ধ করা ও যানজটের ভোগান্তি লাঘবের কৌশল থেকে স্ব স্ব রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে অর্ন্তভুক্ত করার দাবি জানাচ্ছি।

যানজটের কারণে যাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের সভাপতি শরিফ রফিকুজ্জামান বলেন, “দেশের অধিকাংশ চালকের লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন ও মাদকাসক্ত চালকরা যাতে গাড়ি চালাতে না পারে সে বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। ঝুঁকিপূর্ণ বাকগুলো সোজা করে সড়ক সংস্কার না করলে দুর্ঘটনা এড়ানো যাবে না।

“বাস ভাড়ার সাথে যাত্রীদের কাছ থেকে ইন্সুরেন্সের টাকা নেওয়া হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীরা কোনদিন এই সুবিধা পায় না। ক্ষতিগ্রস্তদের পাওনা আদায়ে যাত্রী সাধারণকে আরও সচেতন হতে হবে।”