কদমতলীর ফোম কারখানার আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।
ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তথ্য দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর দিয়েছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।
আনোয়ারুল ইসলাম বলেন, “আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পৌনে ৭টার দিকে। এরপর একে একে যোগ দেওয়া পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “পাশাপাশি দুইটা সেমিপাকা ভবনে আগুন ছিল। আমরা আসার পর দেখতে পাচ্ছিলাম দুইটা ভবনে একই সাথে আগুন। একটা ভবনের আগুন আমরা খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি, আর আরেকটা সেমিপাকা ভবনের উপরের টিনগুলো পুড়ে যাওয়ার কারণে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সময় লেগেছে।”
এই কারখানায় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যক্ত ফোমগুলো এনে ‘রিসাইকেলিং করে’ ম্যাট্রেস তৈরি করা হতো তুলে ধরে তিনি বলেন, সেখানে ম্যাট্রেসের জন্য কিছু আমদানি করা কাপড়ও ছিল এবং কিছু টায়ার জাতীয় জিনিস ছিল। যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “আগুনটা নেভাতে গিয়ে প্রচণ্ড ‘হিট’ হচ্ছিল। ‘হিটে’ আমাদের একজন ফায়ার ফাইটার একটু অসুস্থ হইছে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে, সুস্থ আছে।”
আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম এই এলাকায় বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল। যার কারণে বিদ্যুতের লোকজন আসছিল এবং লাইনটা চালু করার সাথে সাথে ফোম কারখানার ভিতরে যে সার্কিটগুলো ছিল, সেগুলোতে হঠাৎ করেই আগুন ধরে যায়।”
আগুন নির্বাপণের পর কারণ ও ক্ষতির পরিমাণ ‘তদন্ত সাপেক্ষে’ নিশ্চিত হওয়ার কথা বলেন তিনি।
