Published : 17 Apr 2026, 05:44 PM
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই এর সাবেক পরিচালক আফজাল নাছেরকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুক্রবার এ আদেশ দেন।
২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ২৯ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর এই সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ওইদিন তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরো চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়।
শুক্রবার দেলোয়ার হোসেন হত্যা মামলায় আফজাল নাছেরকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন আবার তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলেও আদালত আফজাল নাছেরের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের ‘নির্দেশে’ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
পুরনো খবর