১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফার্মগেইটে বাসের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

যাত্রী বোঝাই লাব্বাইক পরিবহনের বাসটি সিএনজিতে ধাক্কা দিলে দরজা ভেঙে চালক রাস্তায় ছিটকে পড়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 02:25 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

রাজধানীর ফার্মগেইটে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বাসের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশার চালক মারা গেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেইট এলাকার দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের উল্টোদিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পথচারীরার জানিয়েছেন। নিহত চালকের চালকের নাম মামুন ফরাজী (৩৩)।

দুর্ঘটনার পর লোকজন লাব্বাইক পরিবহনের ওই বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে যান।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মামুন ফরাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন পথচারী। দুপুর ১টা ৯ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। 

পথচারী কাজী ফয়সাল বলেন, “ডেইলি স্টারের বিপরীত পাশে সড়কে দ্রুতগতির যাত্রী বোঝাই লাব্বাইক বাসটি সিএনজিতে ধাক্কা দিলে দরজা ভেঙে চালক রাস্তায় ছিটকে পড়ে। সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। পরে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম মামুন ফরাজী বলে জানা গেছে।