১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছুটির দিনে নৌকা বাইচে উৎসবমুখর বুড়িগঙ্গার দুই পাড়

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল।

ছুটির দিনে নৌকা বাইচে উৎসবমুখর বুড়িগঙ্গার দুই পাড়
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে শুক্রবার বুড়িগঙ্গা নদীতে হয়েছে নৌকা বাইচ। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 09:50 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে হয়ে গেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে বর্ণাঢ্য নৌকা বাইচ।

ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।

করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে উৎসবমুখর এ আয়োজনে নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল নামে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। 

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন খোকন এবং মাদারীপুরের আনিসুর রহমানের দল।

প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।”

এর আগে সকালে নৌকা বাইচের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল এবং নিরাপদ করতে কাজ করছে সরকার। বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।” 

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।”

নগরবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানোর পাশাপাশি কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাধাই করে হাঁটার পথ তৈরির মত উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি।