১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৫০তম বিসিএস: প্রিলিমিনারির মানবণ্টনে পরিবর্তন

এক বছর সময়ের মধ্যে এই বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে পিএসসি।

৫০তম বিসিএস: প্রিলিমিনারির মানবণ্টনে পরিবর্তন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি; এ পরিবর্তন অন্তর্ভুক্ত করে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও মোট ২০০ নম্বরের বণ্টন প্রকাশ করা হয়। 

নতুন সিলেবাস ও নম্বর বণ্টন পর্যালোচনা করে দেখা গেছে, বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্য দুটি বিষয়ে ৩০ করে ৬০ নম্বর বরাদ্দ আছে। আগের বিসিএসে অর্থাৎ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে এই দুই বিষয়ে বরাদ্দ ছিল ৩৫ করে ৭০ নম্বর। 

নতুন মানবণ্টনে আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ নম্বর এবং বাংলাদেশ বিষয়াবলিতেও থাকছে ২৫ নম্বর। আগের বিসিএসে বাংলাদেশ বিষয়াবলিতে ছিল ৩০ নম্বর এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর।

নতুন মানবণ্টনে ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশে আগের বিসিএসের মতই ১০ নম্বর থাকছে।

সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫ নম্বর থাকছে যেগুলোর নম্বরবণ্টন আগের বিসিএসেও একই ছিল। 

নতুন মানবণ্টনে গাণিতিক যুক্তিতে ২০ নম্বর থাকছে, যা আগে ছিল ১৫ নম্বর। 

মানসিক দক্ষতায় আগের মতই ১৫ নম্বর থাকছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারিতে।

আর আগের বিসিএসে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১০ নম্বর থাকলেও তা বাড়িয়ে ১৫ নম্বর করা হয়েছে নতুন বিসিএসের মানবণ্টনে।

২ হাজার ১৫০ পদে নিয়োগে গত ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও ননক্যাডারের ৩৯৫টি পদে নিয়োগে এ বিসিএসের আবেদন গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে কমিশন। 

বিজ্ঞপ্তিতে পিএসসি বলেছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ফল প্রকাশের সম্ভাব্য তারিখে নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। ১০ অগাস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশ করা হবে।