১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বুয়েটের শ্রীশান্তের বিরুদ্ধে মামলায় ধর্মানুভূতিতে আঘাতের ধারা

জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় তা নাকচ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারা সংযোজন করা হয়েছে। একইসঙ্গে তার জামিন আবেদন নাকচ করা হয়েছে।

বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “আজ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই শাহজাহান সিরাজ উপস্থিত হয়ে দণ্ডবিধির ২৯৫ ক ধারা সংযোজনের আবেদন করেন। 

“শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। তবে জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় তা নামঞ্জুর করা হয়েছে।”

শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা। রাতেই তাকে হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ। 

বুধবার চকবাজার থানায় বুয়েটের সিকিউরিটি অফিসার আফগান হোসেন মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই শাজাহান সিরাজ।

মামলায় বলা হয়, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্ম নাম 'উইকলি সার্ভিস ৯২৩' (ইংরেজিতে) আইডি ব্যবহার করে শ্রীশান্ত মুসলমান নারী ও ইসলাম ধর্ম নিয়ে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন লেখালিখে করেন। তিনি অনেক ‘অশ্লীল, কুরুচিপূর্ণ, ধর্মীয় বিদ্বেষপূর্ণ’ বক্তব্য পোস্ট করেন।

বাদীর ভাষ্য, দীর্ঘদিন চেষ্টা করে ছদ্মনাম ব্যবহার করা আইডির প্রকৃত পরিচয়ধারী ব্যক্তি আসামি শ্রীশান্ত রায়কে শনাক্ত করা হয়।