০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

“ইতোমধ্যে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 10:37 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরিফুল ইসলাম নামের এ আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়ে শনিবার হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন,“এদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

“আমাদের টিমই তাকে গ্রেপ্তার করেছে এবং ইতোমধ্যে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।”

আরিফুল ইসলামের হাটহাজারী পৌর এলাকার আদর্শ গ্রামের বাসিন্দা।

আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে চাকসু নেতা মাসুম বিল্লাহর ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। 

আগের একটি সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত সমঝোতা ও জরিমানার জেরে এই হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

সেদিন মাসুম বিল্লাহ হাটহাজারী থানায় একটি মামলা করেন। মামলায় আসামি হিসেবে আরিফের নাম রয়েছে। এছাড়া অচেনা ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

সে মামলায় পরদিন মঙ্গলবার জালাল উদ্দিন মুন্না নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় দুইজনের সম্পৃক্ততা রয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া একজন স্বীকার করেছেন যে দুইজনে মিলে হামলা চালিয়েছেন। 

গ্রেপ্তার হওয়া দুই আসামির কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট পাওয়া যায়নি তুলে ধরে তিনি বলেন, “এরা কাজ করে খায়।”

আগের খবর:

হাটহাজারীতে ফিলিং স্টেশনে চাকসু নেতাকে মারধর