রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, ধর্ষণ মামলার আসামি ধরল সিটিটিসি
ডিএমপি জানিয়েছে, অভিযান চলাকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদক উদ্ধার করা হয়েছে।
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে; এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির সংবাদ পোর্টাল ডিএমপি নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৪৩ জন এবং উত্তরা বিভাগে ৫২ জন গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানিয়েছে, অভিযান চলাকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদক উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি জিপ, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির নাম ব্যবহার করে তৈরি ৪১টি সিল, ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮টি ইয়াবা, ৭০ লিটার দেশীয় মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন।
ডিএমপি জানিয়েছে, বিশেষ অভিযানে পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দ্বীন ইসলাম মিন্টু (৪৪)। তিনি বংশাল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
সিটিটিসির তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে রমনা থানার হোটেল রাজমনি এলাকায় অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এড়াতে তিনি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশের ভাষ্য।
