১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা: প্রধান উপদেষ্টা

“তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল,” বলেন মুহাম্মদ ইউনূস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 01:48 AM

Updated : 26 Aug 2026, 02:17 PM

লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, “নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তার এই অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে।''

তিনি বলেন, “নজরুলগীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালনের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। ''

একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘’দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।’’

ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি প্রধান উপদেষ্টা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রাত সোয়া ১০টায় ফরিদা পারভীনের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।

ফরিদা পারভীন বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কিডনি ডায়ালাইসিস চলছিল সপ্তাহে দুদিন করে। তবে মাঝেমধ্যে অবস্থার অবনতি হত তার। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে গত ২ সেপ্টেম্বর ভর্তি করা হয় ফরিদা পারভীনকে।