১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৭তম বিসিএস: প্রিলিমিনারির ফল হতে পারে রোববার

এ দিন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা বিসিএসের জট নিরসনের রোডম্যাপে দিয়েছিল সরকারি কর্ম কমিশন-পিএসসি।

৪৭তম বিসিএস: প্রিলিমিনারির ফল হতে পারে রোববার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 02:52 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

তিন লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থীর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল রোববার প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। 

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন।

তিনি বলেন, "রোববার ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কথা রোডম্যাপে বলা হয়েছে। আশা করছি, এ দিনই ফল প্রকাশিত হবে।"

এ দিন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা বিসিএসের জট নিরসনের রোডম্যাপে দিয়েছিল সরকারি কর্ম কমিশন-পিএসসি।

৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে গত ৩ জুন রোডম্যাপ ঘোষণা করে পিএসসি।

ওই রোডম্যাপ অনুসারে, ২৮ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশের কথা আছে। 

গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়। 

৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।

গত ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদনগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি।

পরে গত ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়। 

এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়েছে। এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, চলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথমে গত ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ৪৩ দিন পিছিয়ে এ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হল।

৪৭তম বিসিএসপৌনে চার লাখ পরীক্ষার্থী বসলো প্রিলিমিনারিতেআটক ১