Published : 30 Mar 2026, 07:58 PM
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের ‘অসত্য’ বক্তব্যের ‘ভুয়া ফটোকার্ডে’ বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ‘ভুয়া ফটোকার্ড’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে ‘পুরোপুরি অসত্য তথ্য’ তুলে ধরা হয়েছে।
“ফটোকার্ডে বলা হয়েছে-, 'ইনডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যে যেমন এখন ইনডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মতো 'দিল্লি না ঢাকা' স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইনডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে'।”
বানোয়াট এসব বক্তব্য নিয়ে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, এই বক্তব্য সম্পূর্ণভাবে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এরকম বক্তব্য প্রদান করেননি। কাজেই, এসব অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হল।”
এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “প্রকৃতপক্ষে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, ‘বাংলাদেশে সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে সব রাষ্ট্রের সাথে, সব সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে’।"