১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল আপিলেও বহাল

১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বহাল রেখে রায় দেয় হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত আপিল বিভাগও বহাল রেখেছে। 

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

শিক্ষার্থীদের পক্ষে আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে চেম্বার আদালতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত নো অর্ডার পাস করেছেন; অর্থাৎ হাই কোর্টের রায় বহাল থাকবে।”

২০২৪ সালে ভিকারুননিসা নূন স্কুলের বিভিন্ন শাখায় প্রথম শ্রেণিতে এই ১৬৯ শিক্ষার্থীর ভর্তিতে অনিয়মের অভিযোগ তুলে দুই জন অভিভাবক স্কুল কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করেছিলেন।

ওই আবেদনে সাড়া না পেয়ে তারা ওই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি হাই কোর্ট দরখাস্তটি ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় এবং রুল জারি করে।

হাই কোর্টের আদেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের সিদ্ধান্ত হাই কোর্টে উপস্থাপন করে।

সেখানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চারটি শাখায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরিভিত্তিতে মাউশিকে অবহিত করতে বলা হয়।

ওইদিন শুনানি নিয়ে হাই কোর্ট মাউশির ওই সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে হলফনামা আকারে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে ৬ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।

এর ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে বলে হাই কোর্টকে জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দেয় হাই কোর্ট।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা।

গত ২০ মার্চ আপিল বিভাগ ১৬৯টি শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করাতে হাই কোর্টের দেওয়া আদেশে স্থিতাবস্থা দেয় এবং দুই মাসের মধ্যে হাই কোর্টকে এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দিয়েছে।

এ রায় স্থগিত চেয়ে ১৬৯ ছাত্রীর পক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়।

আরও পড়ুন

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের আদেশ বহাল