১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একযোগে ইসির ৬২ কর্মকর্তা বদলি

এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন গঠনের পর এটা বড় ধরনের রদবদল।

একযোগে ইসির ৬২ কর্মকর্তা বদলি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 01:47 AM

Updated : 26 Aug 2026, 11:16 AM

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বড় রদবদর হল; একদিনে কর্মস্থল পরিবর্তন করা হয়েছে ৬২ কর্মকর্তার।

তাদের মধ্যে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন। 

বুধবার আটটি আলাদা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন গঠনের পর এটিই বড় ধরনের রদবদল।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশনস) করা হয়েছে।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব রাশেদুল ইসলামকে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপসচিব করা হয়েছে।

রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরূল আলমকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ তিন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া আলাদা প্রজ্ঞাপনে ১৭ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

অন্য আরেক প্রজ্ঞাপনে ১৬ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ইটিআইতে উপপরিচালক করা হয়েছে। 

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে ১৭ জনকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

ইসির নতুন সচিব আখতার আহমেদ

ইসির চার কর্মকর্তার কর্মস্থল বদলি