Published : 04 Nov 2025, 02:21 PM
ঘূর্ণিঝড় মোনথার প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে সাগর অস্থির থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও আছে।
মঙ্গলবার সকালে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলের কাছে লঘুচাপটি আছে। এটি বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
আবওহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, “লঘুচাপের প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অধিদপ্তরের সতর্কবার্তায়।
সেইসঙ্গে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও কুতুবদিয়ায়, ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড় মোনথার প্রভাবে গত শুক্রবার থেকে তিন দিন দেশের অনেক জায়গায় ভারী বর্ষণ হলেও সোমবার দেশের কোথাও উল্লেখ করার মত বৃষ্টি হয়নি।