Published : 07 Dec 2022, 07:13 PM
বেঁধে দেওয়া সময়ে নিবন্ধন শর্ত প্রতিপালনে হালনাগাদ তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ১৪ রাজনৈতিক দলকে 'কারণ দর্শানোর নোটিস' দিচ্ছে নির্বাচন কমিশন।
আগামী ২২ ডিসেম্বরের মধ্যে ব্যাখ্যাসহ তথ্য জমা দিতেও নির্দেশ এসেছে; বুধবার এ বিষয়ে একটি চিঠি পাঠানো হবে বলে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান।
৩৯টি রাজনৈতিক দলের কাছে নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য চেয়েছিল ইসি; নভেম্বরে জমা দেওয়ার সময় শেষ হয়।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে কমিশনার মো. আলমগীর বলেন, ইসির চিঠির জবাবে তথ্য পাঠিয়েছে ২১টি রাজনৈতিক দল, সময় চেয়েছে ৪টি। ১৪টা দল সময় মতো জবাব দেয়নি।
“যারা সময় চেয়েছে তাদেরকে আমরা সময় দিয়েছি এক মাস। যারা দেয়নি তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে। আজই এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হবে।”
তিনি জানান, ২টি দলের তথ্য নির্ধারিত সময়ের পরে আসায় তাদেরও কারণ দর্শাতে বলা হয়েছে।
দলগুলোর নিবন্ধন শর্ত প্রতিপালনে কয়েকটি বিষয়ে হালনাগাদ তথ্য চেয়ে গত ১৩ অক্টোবর পাঠানো চিঠিতে ৩০ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছিল।
আলমগীর বলেন, "প্রতিবছর যে তথ্যগুলো চাইবো তারা দিবেন। পরপর তিন বছর না দিলে কমিশনকে তো তখন একটা সিদ্ধান্ত নিতে হয়।”
ইসির নিবন্ধন শাখার কর্মকর্তারা জানান, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২১টি রাজনৈতিক দল হালনাগাদ তথ্য দিয়েছে।
বিএনপিসহ ৪টি দলের আবেদনের প্রেক্ষিতে এক মাস বা ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বাকি ১৪টি দলকে দুই সপ্তাহ বা ২২ ডিসেম্বরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি নির্ধারিত সময়ের পরে তথ্য জমা দিয়েছে।
শোকজ নোটিসে দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে বলে জানান ইসির সহকারী সচিব রৌশন আরা।
কারণ দর্শাতে বলা হয়েছে যাদের
কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি।