Published : 13 Jul 2026, 05:31 PM
ভারি বৃষ্টির কারণে রাজধানীর আজিমপুরে নিউ মার্কেটের সব দোকানপাট একদিন বন্ধ থাকার পর সোমবার খুলেছে।
দুপুর ৩টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, নিউ মার্কেট এলাকার অধিকাংশ মার্কেট ও দোকানপাট খোলা রয়েছে। তবে এক নম্বর গেইটের মূল সড়কে ও ধানমন্ডি হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় পানি তখনো জমে আছে।
এতে দোকানপাট খুলতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ‘মা স্টোরের’ মালিক সাইফুল হক।
ক্রেতা সমাগমও তেমন নেই জানিয়েতিনি বলেন, “গতকালকে দোকান পানিতে ছিল। মার্কেটের নিচতলার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কাল রাত ১২টা থেকে পানি নিষ্কাশন শুরু হয়েছে। সকালে মার্কেটে আর পানি ছিল না। দুপুর থেকে মার্কেট খুলতে শুরু করেছে।
“এখন আর দোকান খুলতে অসুবিধা নেই। তবে দুপুর থেকে বিক্রেতা নেই একদম।”

অধিকাংশ দোকানপাট দুপুর থেকে খুলতে শুরু করে। বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়া কাপড় সরাতেও ব্যস্ত ছিলেন কোনো বিক্রেতা।
মার্কেটের সামনে কাপড় বিক্রেতা আলতাফ মিয়া বলেন, “দুপুর থেকে দোকান খুলেছি। বেচা-বিক্রি একদম নাই। এখন পর্যন্ত তেমন কেউ আসে নাই। এরকম বেচা-বিক্রি না হলে কেমনে চলবো?”
ভারি বৃষ্টিতে ধানমন্ডি হকার্স মার্কেটের কিছু দোকানের শাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কেটটির কয়েকজন বিক্রেতা।
ফাহিম হোসেন নামের এক বিক্রেতা বলেন, “গতকালকের পানির জন্য আমার দোকানের অন্তত ৩০০ শাড়ি ভিজে গেছে। এখন এটা কার কাছে চাইবো? সরকার অন্তত আমাদের সহায়তা করার চেয়ে পানির নিষ্কাশনের ব্যবস্থা করলে আমরা অন্তত বাঁচবো।”
দোকানি রহিম বলেন, “পানি আছে এখনো। কিভাবে কাস্টমার আসবে। আমরা গত দুইদিন বৃষ্টির জন্য ব্যবসা হয় নাই। এর মধ্যে আজকেও পানি আছে। গতকাল অনেক কাপড় নষ্ট হইছে। এরকম হলে আজকে কোন গ্রাহক আসবে না।”
টানা বৃষ্টিতে রোববার তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ সড়ক। তীব্র জলাবদ্ধতায় সকাল থেকে কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা থেকে রেহাই মেলেনি নিউ মার্কেট, ধানমন্ডি হর্কাস এলাকাও।