বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নেবে পশ্চিম এশিয়ার দেশটি।
পুনরায় শ্রমবাজার খুলে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। এ বিষয়ে ইতোমধ্যে চুক্তি সই হওয়ার তথ্যও দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ঢাকা সফররত ওমান রাজপরিবারের সদস্য আল সাইয়িদ মোহাম্মদ সালিম আলি আল সাঈদের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সরকারের কথা হয়েছে। তাদের একটা প্রতিনিধি দল এসেছিল। ওমান আমাদের কাছ থেকে পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নেবে। সব মিলিয়ে দশ হাজার নেওয়ার কথা বলেছে এবং চুক্তিও সই হয়েছে।
“ওমানের একটা প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। তারপর এগুলো চূড়ান্ত হবে।”
ওমানের শ্রমবাজার খোলার বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে দাবি করে শামা ওবায়েদ বলেন, “ওমানের ভিসা বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এটা হয়েছে। আমরা চেষ্টা করছি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ওমানে যাতে বাংলাদেশিরা আবার নিয়মিত যেতে পারে।
“সরকার গঠনের পর থেকে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যে দক্ষ অভিবাসনের উপর জোর দিচ্ছে, এটাই আমরা ওমান সরকারের কাছে তুলে ধরেছি। আমরা চাচ্ছি আরও বেশি করে দক্ষ মানুষ যেন এখান থেকে যেতে পারে এবং বাংলাদেশের মানুষ ওখানে গিয়ে কাজ করতে পারে বিভিন্ন খাতে। সে জায়গাটিতে তারাও আগ্রহী এবং সে ব্যাপারে আমরা দুই দেশ কাজ করছি।”
এদিকে আল সাঈদের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার খোলার সম্ভাবনাও ছিল সেই আলোচনার মধ্যে।
এ সময় ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানকে সাধুবাদ দেন আল সাইয়িদ। একইসঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক মঙ্গলজনক সহযোগিতা এগিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ থাকার বিষয়ও বর্ণনা করেন তিনি।
আল সাইয়িদের সফরসঙ্গীদের পাশাপাশি ঢাকায় ওমানের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফাতিহা আহমেদ আল বালুশিও বৈঠকে উপস্থিত ছিলেন।
