Published : 01 Mar 2026, 10:50 PM
চাকরির বয়স ২৫ বছর হওয়ার সরকারি আইন প্রয়োগ করে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠিয়েছে সরকার।
প্রশাসনে রদবদলের অংশ হিসেবে রোববার তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে এখনও নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
এদিন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদকেও সরানো হয়।
এ নিয়ে গত কয়েকদিন দেড় ডজনের মত সচিবকে তাদের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
তারেক রহমানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনে পরিবর্তন আসছে।
রোববার কৃষি সচিবকে অবসরে পাঠানোর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এমদাদ উল্লাহকে তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় অবসর প্রদান করার প্রয়োজন মনে করছে সরকার। এজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী অবসর দেওয়া হল। তার এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।
নতুন সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি তিন সচিব -প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
সেদিন আরও ১২ সচিবের চাকরি যায়। অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে দায়িত্বে আসা এসব সচিবের মেয়াদের বাকি সময়ের চুক্তি বাতিল করা হয়।
এর এক সপ্তাহ পর এদিন দুই সবিচকে সরানো হল। এসব পদে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।