Published : 04 Jan 2026, 04:04 PM
বাংলাদেশের খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান টানাপড়েনের প্রভাব ‘পড়বে না’ বলে আশা করছেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে খাদ্য মজুদের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ভারত থেকে খাদ্য আমদানি নিয়ে সাংবাদিকদের দফায় দফায় করা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
ভারত বাংলাদেশে রপ্তানি নিষিদ্ধ করলে কী হতে পারে- প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, "এগুলি সম্পর্কে আমরা সবসময় 'পজিটিভ' চিন্তা করছি। এই ব্যাপার নিয়ে মার্কেট নিয়ে রাজনীতি বিবেচনা আসবে না বলে আমরা মনে করছি।"
চব্বিশের গণঅভ্যুত্থানে দেশে ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছিল তা কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতির মধ্য দিয়ে।
এরপর গত ২ জানুয়ারি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর আশা্র বাণী শুনিয়েছেন। বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি ‘স্বাভাবিক’ হলে এ অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ‘আরও জোরদার হবে’ বলে আশা প্রকাশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও ভারতের সরকার প্রধানের তরফ থেকেও প্রতিবেশী দুই দেশের একসাথে চলার বার্তা মেলে। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটে।
এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
এসব ঘটনার প্রেক্ষিতে এদিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্য আমদানির বিষয়টি প্রশ্নপর্বে উঠে আসে কয়েকবার।
মজুদ ‘সক্ষমতাও রয়েছে’
এই মুহূর্তে দেশে মজুদ ‘সক্ষমতাও রয়েছে’ বলেও মন্তব্য খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তার ভাষ্য, "তার মধ্যেও আপনারা দেখলেন আমাদের স্টক আছে। আমরা প্রাথমিক ধাক্কাটা তো...। আমাদের পাশের দেশ থেকে তো এখনো আসছে।
"এখনো পাকিস্তান থেকে আতপ চাল আসছে আর অন্য দেশের সাথে... মিয়ানমারের সাথেও চাল, ভিয়েতনামের সাথেও চাল... আমাদের তিনটা দেশের থেকেই কিন্তু আমাদের জি-টু-জি ভিত্তিতে কিছু পরিমাণ আতপ চাল আসছে।"
খাদ্য উপদেষ্টাকে খাদ্য আমদানির বিষয়ে ফের প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, "না, এরকম প্রিপারেশন তো লজিক্যাল হতে হবে। তাদেরও বিক্রি করতে হবে, তারা বাড়তি চাল নিয়ে বসে থাকবে না। তাদেরও বিক্রি করতে হবে, আমাদেরও কিনতে হবে।
"মানে আমদানি-রপ্তানির কথা বলছি। বোথ সাইড আমদানি-রপ্তানির দরকার আছে। খোলা রাখার দরকার আছে। আমি সবসময় এটা করি। এটা আমি সবসময় বলে আসছি। আর সরকার আমাদের পক্ষ থেকে মাননীয় অর্থ উপদেষ্টা যেটা বলেন। আমি তো মনে করি যে, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি আসতে পারে না।"
উপদেষ্টা বলেন, “আমাদের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ অভিযান চলমান আছে। আমাদের মিনিমাম টার্গেট ছিল—ধান সংগ্রহ করতে হবে ৫০ হাজার মেট্রিক টন, সিদ্ধ চাল সংগ্রহ করতে হবে ৬ লাখ মেট্রিক টন এবং আতপ চাল সংগ্রহ করতে হবে ৫৭ হাজার মেট্রিক টন। এই টার্গেটের মধ্যে আমরা ইতিমধ্যেই আমাদের লক্ষ্য অতিক্রম করেছি। আমরা ১ লাখ ৩১ হাজার মেট্রিক টন ধান, ৭ লাখ ৩২ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার ৫৯৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করেছি।"
দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি 'সন্তোষজনক' মন্তব্য করে খাদ্য উপদেষ্টা পরিসংখ্যান তুলে ধরেন সংবাদ সম্মেলনে।
তিনি বলেন, সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুদ রয়েছে।
এজন্য দেশের বাজারে চালের দাম বাড়ার 'কোন শঙ্কা নেই’ জানিয়েছেন আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, “কৃষি সবসময় প্রকৃতির ওপর নির্ভরশীল। সামনে বড় ফসলগুলোর উৎপাদন ভালো হলে এই বছর আমরা খুব ভালোভাবে কাটাতে পারব। বর্তমান অবস্থানটি আমাদের জন্য অত্যন্ত স্বস্তিকর।”
সরকারের খাদ্য সংগ্রহ ও বিতরণের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, “সরকারের রেশনিংসহ বিভিন্ন প্রোগ্রামে ৩৬ লাখ মেট্রিক টন খাদ্যের খরচ হয়। আমাদের খাদ্য সংগ্রহের মেয়াদ ছিল ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত। এই সময়ে আমরা নির্ধারিত টার্গেট অর্জন করেছি। তবে সংগ্রহ অভিযান চলমান থাকবে।”
এদিকে নভেম্বর থেকে তিন দফায় সরকার প্রায় দেড় লাখ টন চাল ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে। দাম 'স্থিতিশীল' রাখতে এ সিদ্ধান্ত নেওয়া বলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার হবে, আশা জয়শঙ্করের
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: ভারত–বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ
বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা
মুস্তাফিজ বাদ: বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতে নয়, শ্রীলঙ্কায় চান ক্রীড়া উপদেষ্টা