২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পল্লবীর ঘটনা ‘সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি’

“দীর্ঘ সময় ধরে চলা বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহ যোগাবে,” বলা হয় বিবৃতিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় সমাজের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আসছে, যেখানে এ ঘটনাকে ‘সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি’ হিসেবে দেখছেন কেউ কেউ।  

বৃহস্পতিবার ঢাকায় এ ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিবাদ জানিয়ে বিবৃতি আসে রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশা থেকে।

বৃহস্পতিবার ‘অভিভাবক ও শিক্ষার্থী নেটওয়ার্ক’ ব্যানারে মানববন্ধন হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে। 

এতে বক্তব্য রাখেন অভিভাবক মুসলিম বিন হাই, শিশু কিশোর মেলার সংগঠক পংকজনাথ সূর্য, ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া সাইনা ও খাদিজা রহমান কবিতা।

বক্তারা বলেন, ধর্ষণ ও শিশু হত্যার মতো নৃশংস ঘটনার পেছনে রাষ্ট্রের ‘বিচারহীনতার সংস্কৃতি’ বড় ভূমিকা রাখছে।

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিবৃতি দিয়েছে ‘সামাজিক প্রতিরোধ কমিটি’। নারী এবং মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক ৭১ সংগঠনের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে ফওজিয়া মোসলেম এ বিবৃতি পাঠান।

পৃথক এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ‘বিশিষ্ট কয়েকজন নাগরিক’।

বৃহস্পতিবার সম্মিলিত সামাজিক আন্দোলনের  সাধারণ সম্পাদক সালেহ আহমেদের পাঠানো বিবৃতিতে বলা হয়,  “আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক দেশজুড়ে ক্রমবর্ধমান সহিংসতা, শিশু ধর্ষণ ও হত্যা, দমনপীড়ন ও জনজীবনে অনিরাপত্তার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।”

এতে বলা হয়, গত সাত দিনে চারজন কন্যা শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা এবং ন্যায়বিচার ব্যবস্থা ভেঙে পড়ার সুস্পস্ট প্রতিফলন।

“সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি এসব সহিংস ঘটনা  জনমনে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করছে। দীর্ঘ সময় ধরে চলা বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহ যোগাবে।

বিবৃতি দাতার তালিকায় সুলতানা  কামাল, রাশেদা কে চৌধুরী, রামেন্দু মজুমদার, ডা. আলী, সৈয়দ আনোয়ার হোসেন, খুশী কবির, নূর মোহাম্মদ তালুকদার এবং এম এম আকাশের নাম রয়েছে। 

পল্লবীর শিশুধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন ‘আমার বাংলাদেশ (এবি) পার্টির’ চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার দুপুরে মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একটি আবেদনমূলক চিঠি দিয়েছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ডাকযোগে চিঠিটি পাঠিয়েছি।”

চিঠিতে প্রধানমন্ত্রীকে বিরোধীদলসহ অন্যদের সঙ্গে নিয়ে সশরীরে পল্লাবীর ওই শিশুর বাড়িতে যাওয়ার অনুরোধ করেছেন এবি পার্টির চেয়ারম্যান।

ঢাকার পল্লবীতে গত মঙ্গলবার সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সোহেল নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে।