১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ উদযাপন

গুলশান এভিনিউর বাসায় পৌছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 04:27 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

ঈদের জামাত এবং যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে গুলশানের বাসায় ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম ঈদ উদযাপন। 

গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং জুবাইদার বোন শাহিনা জামান ছিলেন। 

এছাড়া বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দারসহ তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।

প্রধানমন্ত্রী এদিন তার স্বজনদের সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। 

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। তাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেছেন।”

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শেরে বাংলা নগরে যান প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। সেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা।

শেরে বাংলা নগর থেকে গুলশানের বাসায় পৌছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।