Published : 13 Jan 2026, 11:12 PM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য বের হওয়া কয়েকজন ও বাম ছাত্রনেতাদের কয়েকজন মিলে গড়ছেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম।
আগামী শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিষয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
নতুন এ প্ল্যাটফর্মে কারা থাকছেন, সে বিষয়ে মঙ্গলবার রাতে উদ্যোক্তাদের একজন এনসিপি ছেড়ে আসা মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) বলেন, “বিভিন্ন মতাদর্শের তরুণ ও ছাত্রনেতাদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর ব্যক্তিরা যুক্ত হচ্ছেন।”
নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন এমন কয়েকজন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া, বাম ও মধ্যপন্থি ভাবাদর্শের সাবেক ছাত্রনেতা, এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা বেশ কয়েকজন, বিভিন্ন মতাদর্শের তরুণ অ্যাকটিভিস্ট, ছাত্রনেতা, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অনুসারীরা এ প্ল্যাটফর্মে যুক্ত হবেন।
এদের মধ্যে এনসিপি ছেড়ে আসা অনিক রায়, তুহিন খান ও অলিক মৃ থাকছেন এ প্ল্যাটফর্মে।
অনিক রায় বামধারার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। পরে এনসিপিতে যোগ দিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক হন।
লেখক ও অ্যাকটিভিস্ট তুহিন খান এনসিপির যুগ্ম সদস্য সচিব ছিলেন। আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদের সাবেক নেতা অলিক মৃ ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক।
এছাড়া এ প্ল্যাটফর্মে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ, লেখক ফেরদৌস আরা রুমী, ছাত্র ইউনিয়নের নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ অনেকের থাকার কথা রয়েছে।
তুহিন খান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “আসলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এটা, এটা পরে দল হবে কি হবে না, সেটা আসলে আমরা বলতে পারছি না। এ প্ল্যাটফর্মের যাত্রা এবং এটার যে কাজবাজ, সেটার ওপরে আসলে নির্ভর করবে। প্ল্যাটফর্মের নামটাও এখনও ঠিক হয় নাই।”
তিনি বলেন, “মূলত এনসিপি থেকে যারা আসছেন, তারা আছেন। অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছেন, বাম ঘরানার থেকে যারা অভ্যুত্থানে খুব সক্রিয় অংশগ্রহণ করেছেন, কিছু পুরাতন বামপন্থি রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল- এ ধরনের লোকজন আছেন। সিভিল সোসাইটির, অ্যাক্টিভিস্ট টাইপের যারা লোকজন আছেন, আপাতত এই ধরনের লোকজন নিয়ে আসলে এটা প্ল্যাটফর্মটা হচ্ছে।”