১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদে ১০০ নারী আসন: পুরুষতন্ত্র জয়ী হয়েছে, বললেন বদিউল

রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় বিষয়টি পাঁচবার উত্থাপন হলেও সাড়া মেলেনি, বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

সংসদে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়নি তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, এতে নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে। কেউ জয়ী হয়নি। পুরুষতন্ত্র জয়ী হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংসদে নারীর প্রতিনিধিত্বের বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় পাঁচবার উত্থাপন হলেও ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের ব্যাপারে ঐকমত্য হয়নি। 

পরে ফোরামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে দেওয়া বদিউল ইসলামের বক্তব্য তুলে ধরা হয়।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম বলেন, "আমাদের সমাজে নারী ও কন্যাশিশুদের অবস্থার পরিবর্তন হচ্ছে। কিন্তু এখনও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।“

সংবাদ সম্মেলনে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার সকল ঘটনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করাসহ কন্যাশিশুদের কল্যাণে একগুচ্ছ সুপারিশ তুলে ধরা হয় ফোরামের তরফে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের ন্যাশনাল কো-অর্ডিনেটর আহসানা জামান এ্যানী।

এতে  যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ ও নিপীড়ন রোধে সর্বস্তরের জন্য 'যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫' অনুমোদন করা এবং শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার সকল ঘটনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করাসহ ফোরামের পক্ষ থেকে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়।

ফোরামের যুগ্ম সম্পাদক ও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা, আইনজীবী ফাহমিদা রিংকী।