১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএসের দুই নৌযান জব্দের আদেশ

তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের মালিকাধীন দুটি নৌযান জব্দের আদেশ দিয়েছে আদালত।

‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে মনিরের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুর্নীতি দমন কমিশন-দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “জব্দ করা দুটি নৌযান হল এমডি সেইলর-১ ও এমডি সেইলর-২। এগুলোর মূল্য ১০ কোটি টাকা।” 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন নৌযান দুটি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি মনির হোসেনের বিরুদ্ধে ১৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ১৪২ টাকার জ্ঞাত ‘আয়বহির্ভূত’ সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকা ‘হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেন’। 

এই অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামি তার সম্পত্তি অন্যত্র ‘বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন বলে জানা যায়। তাই মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন বলে মনে করে দুদক। 

গত ৯ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন সাবেক এপিএস মনির হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় এ বছরের ১৩ জানুয়ারি মনিরের ৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এর সঙ্গে তার নামে থাকা আটটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ এসেছে।

আগের খবর:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের স্থাবর সম্পদ জব্দব্যাংক হিসাব অবরুদ্ধ