১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোটি টাকা আত্মসাতের মামলা: বিটিএল গ্রুপের বাসার রিমান্ডে

শনিবার দুপুরে গুলশান-১ এলাকা থেকে আবুল বাসারকে গ্রেপ্তার করা হয়।

কোটি টাকা আত্মসাতের মামলা: বিটিএল গ্রুপের বাসার রিমান্ডে
গ্রেপ্তার আবুল বাসারকে রোববার আদালতে হাজির করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 09:18 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

গাড়ি বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের মামলায় বিটিএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল বাসারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রোববার এ আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, গুলশান থানার ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফীন ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী গাজী মো. মাহবুব আলম রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। 

এর আগে শনিবার দুপুরে গুলশান-১ এলাকা থেকে আবুল বাসারকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আবুল বাসার চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী। তবে পরে ফেইসবুকে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন ববি।

তার খালাতো ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভূইঞা বলছেন, “আবুল বাসারের সঙ্গে ববির কোনো সম্পর্ক নেই। তারা ব্যবসার পার্টনারও না। ববি সেলিব্রেটি, হয়ত কেউ তার নাম ব্যবহার করে এমনটা করেছে। ববি এর প্রতিবাদ জানিয়েছে।”

মামলার বিবরণে বলা হয়, আজিজুল ইসলাম নামের এক গাড়ি ব্যবসায়ীর কাছে আবুল বাসার একটি পুরাতন গাড়ি বিক্রি করতে চান৷ ২০২৫ সালের ৬ জুন গাড়ি বিক্রির অগ্রিম মূল্য হিসাবে আজিজুলের কাছ থেকে নগদ এক কোটি টাকাও নেন। কিন্তু পরে আসামি প্রতিশ্রুতি অনুযায়ী আজিজুলকে গাড়ি বুঝিয়ে দেননি। 

তাকে তাগিদ দিলেও আসামি বিভিন্ন অসুবিধার অজুহাত দেখিয়ে গাড়ি বুঝিয়ে দিতে দেরি করতে থাকেন। এক পর্যায়ে আজিজুলকে বলেন, গাড়ি তিনি দিতে পারবেন না। তখন আজিজুল টাকা ফেরত চাইলে বাসার তাকে ঘোরাতে থাকেন। পরে গত ৬ নভেম্বর স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে এক মাসের মধ্যে টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন। 

গত বছরের ১৪ ডিসেম্বর আজিজুল টাকা ফের‍ত চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ১৫ ডিসেম্বর আদালতে মামলার আবেদন করেন আজিজুল। শুনানি শেষে আদালত গুলশান থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। পরে ২৩ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত হয়। 

পুরনো খবর-

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির স্বামী গ্রেপ্তার