মানবতাবিরোধী অপরাধ: জয়ের বিষয়ে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে
আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকের বিষয়েও প্রতিবেদন জমা পড়েছে।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন।
বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামীম এ তথ্য জানান।
প্রতিবেদনে থাকা বাকি তিনজন হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ট্রাইব্যুনালের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রসিকিউটর তামিম লেখেন, “জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে প্রধান কৌঁসুলির কার্যালয়ে। এরপর প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তার পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন এবং পরে বিচারকাজ শুরু হয়।
