Published : 06 Dec 2025, 05:00 PM
বন্যপ্রাণী রক্ষায় তরুণরা যে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তা দেশের জন্য ‘অত্যন্ত আশাব্যঞ্জক’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেছেন, “বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।”
শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “বন্যপ্রাণী রক্ষায় একীভূত কণ্ঠস্বর অত্যন্ত প্রয়োজন। যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে অর্থনৈতিক যুক্তি তুলে ধরে জনসমর্থন নিতে চায়, তাদের প্রতিরোধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য ছড়িয়ে দিতে হবে।”
উপদেষ্টা বলেন, মানুষ ও প্রকৃতি পাশাপাশি টিকিয়ে রাখার নৈতিক মূল্যবোধ সামনে রেখে কাজ করতে হবে।
“আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জীবজগতের প্রতি সহমর্মিতা ও সংরক্ষণশীল আচরণের শিক্ষা দেয়। অসহায় মানুষ ও অসহায় প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।”
আগামী বছর ৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “এর মাধ্যমে নতুন প্রজন্ম আরও উৎসাহ পাবে এবং প্রতিটি জেলায় বন্যপ্রাণী সংরক্ষণে একজন প্রতিনিধিত্বশীল কর্মী সামনে আসবেন।”
বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় সরকার নতুন ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে বলেও তিনি তুলে ধরেন।
উপদেষ্টা বলেন, চলমান উদ্ধার কার্যক্রমে আধুনিক সরঞ্জাম ও পরিবহন সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
এতে অন্যদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক মো. ছগীর আহমেদ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন মো. জালাল উদ্দিন সরদার এবং বিবিসিএফের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোল্যা রেজাউল করিম।
অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।