Published : 06 Feb 2026, 01:19 PM
মাঘের শেষের দিকে এসে মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই চার জেলার ওপর শনিবারও মৃদু শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তাপমাত্রারও খুব একটা তারতম্য হবে না।
সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন শাহনাজ সুলতানা।
আবহাওয়া অধিদপ্তরর শুক্রবার জানিয়েছে, এদিন ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস; আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ফেব্রুয়ারি মাসেই শীত বিদায় নিলেও, মাসের শুরুতে একটি মৃদু শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাসের শেষ দিকে এক বা দুই দিন বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এক মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা থাকতে পারে।
এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিনগুলোতে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।