১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

“আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে দুষ্কৃতিমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে চাই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 07:02 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

দেশের স্বাস্থ্যখাতকে দুষ্কৃতি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, তারা সহযোগিতা না করলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে থেকে মানুষের সেবা করা কঠিন। 

শনিবার রাজধানীর শাহবাগে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখছিলেন বলে 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তিনি বলেন, “আমি আজকের এই প্রোগ্রামে এসেছি, শুধু একটি কথা বলতে যে, আমি জাতির সেবার জন্য আপনাদের সহযোগিতা চাই, আমার জন্য না। 

“আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে দুষ্কৃতিমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে চাই। সন্ত্রাস মানে মারামারি না, কলমের সন্ত্রাস, সিদ্ধান্তের সন্ত্রাস। আমাদের ডাক্তারদের যেন, আপনাদের সহযোগিতায় একটি সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি। আর এটা করা মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপকার।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সবাই সমন্বিতভাবে এগিয়ে এলে সততা ও নিষ্ঠার সাথে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অন্যথায় এতো বিশাল স্বাস্থ্যখাতের তত্ত্বাবধান করা অত্যন্ত কঠিন।”

চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমি একটাই অনুরোধ করবো, আপনারা অত্যন্ত সম্মানিত শ্রেণি। আপনারা যদি সহযোগিতা না করেন, এই মন্ত্রণালয়ে থেকে মানুষের সেবা করা কঠিন।

“আপনাদের সহকর্মী তৃণমূল পর্যায়ে যারা চাকরি করছেন তাদের নিকট আজকের বার্তা পৌঁছে দেবেন। এ ব্যাপারে সবাই সমন্বিতভাবে এগিয়ে না এলে এতো বিশাল খাতের চিকিৎসকদের তত্ত্বাবধান করা কঠিন।”

সম্প্রতি বেড়ে যাওয়া হাম রোগ মোকাবিলায় প্রস্তুতি, জলাতঙ্ক রোগের টিকা ব্যবস্থাপনা, রাজশাহী মেডিকেলে জরুরি ভিত্তিতে এনআইসিইউ ও ভেন্টিলেশন স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সরকারের নেওয়া ব্যবস্থা ও পরিকল্পনার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিকস’ শীর্ষক অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদ্য প্রয়াত সভাপতি অধ্যাপক এ এম এস এম শরফুজ্জামান রুবেলকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান উপস্থিত ছিলেন।