Published : 26 Aug 2025, 03:30 PM
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার বকশিবাজারে কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তিনি জানিয়েছেন।
মোতাহের হোসেন বলেন, “কারাগারকে সংশোধনের জায়গার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে উপর 'কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
" সংশ্লিষ্ট আইন যুগোপযোগী করার লক্ষ্যে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।"
ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি বিভিন্ন কারাগারে রয়েছে জানিয়ে তিনি বলেন, "বন্দিদের স্থান সংকুলানের জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়াও অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে ২টি বিভাগ করা হয়েছে।
কারাগারে লোকবল সংকটের বিষয়টিও উঠে আসে কারা মহাপরিদর্শকের বক্তব্যে।
তিনি বলেন, সরকার ১ হাজার ৮৯৯ নতুন জনবলের অনুমোদন দিয়েছে। তবে আরও ১৫০০ জনবলের চাহিদা পাঠানো হয়েছে।
মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন।
তিনি বলেন, "গত এক বছরে মাদকসেবী ২৯ জন সদস্যকে মাদক বহন, গ্রহণ ও সরবরাহে জড়িত থাকার অপরাধে ফৌজদারী মামলায় কারাগারে পাঠানোসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
তিনি বলেছেন, কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি এবং নিয়ম বহির্ভুত বিষয়েও তারা কঠোর অবস্থানে রয়েছেন।
"গত এক বছরে বিভিন্ন অনিয়মের সাথে জড়িতদের বাধ্যতামূলক অবসর, ৩৪ জনকে চাকুরিচ্যুত, ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ ১৭২ জনকে প্রশাসনিক কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে।"