১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিযবুতের পোস্টার সাঁটানো: ইস্ট ওয়েস্ট শিক্ষার্থী বুখারীর রিমান্ড

গত ২৩ সেপ্টেম্বর তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ঢাকার মতিঝিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর সময় গ্রেপ্তার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন বুখারীকে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানান, গত ৪ ডিসেম্বর আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিএমপির সিটিটিসি ইউনিটের এসআই সাইফুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেছিলেন। শুনানি নিয়ে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন শুনানিকালে বুখারীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী ইলা নাজনীন রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

তিনি বলেন, “এ আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঘটনা সম্পর্কে কিছু জানে না। সে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদালয়ের শিক্ষার্থী। সামনে পরীক্ষা। 

“রিমান্ড আবেদন বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাক জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হোক।”

এতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর মতিঝিলে সিটি সেন্টারের সামনে হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর সময় বুখারীকে আটক করে মতিঝিল থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও অভিযান পরিচালনা করা হলে অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুনানি নিয়ে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেয়।

বুখারীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়, সেই মামলা বিবরণ অনুযায়ী, গত ৭ মার্চ দুপুর ২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ২০০০-২২০০ জন হিযবুত তাহরীর সদস্য মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে এগোতে থাকে। একপর্যায়ে পুলিশ বাধা দিলে তা উপেক্ষা করে ‘দেশের সার্বভৌমত্বকে আঘাত করার প্রয়াসে’ পতাকা, ব্যানার, লাঠিসোঁটা হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই রাসেল মিয়া ৮ মার্চ সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

মতিঝিলে হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর সময় ২ তরুণ গ্রেপ্তার