০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পিকেএসএফের ‘গ্রিন’ প্রকল্প চালু

এর মাধ্যমে আড়াই লাখের বেশি পরিবার উপকৃত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 01:15 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়নে ‘গ্রিন’ নামে একটি প্রকল্প চালু করার কথা জানিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বৃহস্পতিবার ঢাকায় সংস্থার কার্যালয়ে এ প্রকল্প উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এ প্রকল্পের আওতায় হাওর, উপকূল, বরেন্দ্র, চরাঞ্চলসহ দেশের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হবে। 

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, নারী, যুব, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা, সবুজ প্রযুক্তি, টেকসই উদ্যোক্তা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা এবং সহযোগী সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে প্রকল্পটি কাজ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬–২০৩১ মেয়াদে বাস্তবায়িতব্য এ প্রকল্পে মোট ২১১ দশমিক ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) দেবে ৭০ মিলিয়ন ডলার দেবে। বাকি অর্থ পিকেএসএফ ও সহযোগী সংস্থাগুলো যোগান দেবে। 

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের অনুষ্ঠানে বলেন, “গ্রিন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ খাতকে একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরিত করতে পিকেএসএফ কাজ করবে। 

“ডিজিটাল ফাইন্যান্সিং, অ্যাগ্রো-ইকোলজিক্যাল কৃষি, কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ, স্থানীয় পর্যায়ে অ্যাগ্রো-প্রসেসিং ও প্রাথমিক কৃষি পণ্যের সাথে মূল্য সংযোজন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যব্যবস্থা, সৌরশক্তির ব্যবহার এবং সার্কুলার ইকোনমির প্রসারে গুরুত্ব দেওয়া হবে।” 

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কিউ এম গোলাম মাওলা, মশিয়ার রহমান ও মুহম্মদ হাসান খালেদ।