১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোরে আগুনে পুড়লো বিজয় সরণির কলমিলতা বাজার

তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 10:59 AM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ঢাকার বিজয় সরণি এলাকার কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার ভোর সোয়া ৫ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে ১০টি ইউনিটের চেষ্টায় সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়ছেন।

তিনি বলেন, "ভোর ৫টা ১৪ মিনিটে ওই মার্কেটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।"

পরে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তবে আগুনে কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন।

বাজারের নিচতলায় কাঁচাবাজার রয়েছে এবং কসাইখানা রয়েছে। আর উপরের তলায় সার্ভিস সেন্টারসহ ইলেকট্রনিক্সের দোকান রয়েছে।

মাহমুদুল হাসান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন।

 “ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় মানুষের সহায়তায় আমরা ৭ টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়।

তিনি বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয় নাই, আমরা এখনো ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাদের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে।"