Published : 12 Jun 2023, 09:35 AM
ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরার মাধ্যমে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছেন নির্বাচন কমিশনের সদস্যরা।
সোমবার সকাল ৮টায় প্রায় আট লাখ ভোটারের এ দুই নগরীর ৪১৫টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক সকাল ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, কোথাও কোনো ধরনের গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা কমিশনের নজরে পড়েনি।”
বরিশাল সিটি
ভোটার: ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন; ভোটকেন্দ্র: ১২৬; ভোটকক্ষ ৮৯৪টি
খুলনা সিটি
ভোটার: ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন; ভোটকেন্দ্র ২৮৯টি; ভোটকক্ষ ১৭৩২টি
দুই নগরেই প্রতিটি ভোটকক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বরিশালে ১ হাজার ১৪৬টি এবং খুলনায় ২ হাজার ৩১০টি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
ইসির আইডিইএ প্রকল্পের জুনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট শফিকুল ইসলাম জানান, ২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একসাথে ২৩৫টি সিসি ক্যামেরায় ২৮৭১টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে।
“প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেট করে ৪৫৮টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
বরিশালে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন লড়ছেন। আর খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার বরিশাল ও খুলনা সিটি ভোটের পাশাপাশি কক্সবাজার ও আড়াইহাজার পৌরসভাতেও ভোট চলছে। কক্সবাজার পৌরসভা নির্বাচন ৪৩টি কেন্দ্রের ৩৩১টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অনিয়মে জড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন ভবনে ইসির আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কাজ করছে। জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন ওই সেলে। তারাও ঢাকার নির্বাচন ভবন থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে অবহিত করছেন।
কাজী হাবিবুল আউয়াল কমিশন রংপুর সিটি করপোরেশন নির্বাচন এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা ৫ উপ নির্বাচন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করেছে।
এর মধ্যে গাইবান্ধা ৫ উপ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক অনিয়মের দৃশ্য সিসিটিভিতে দেখে মাঝপথে ভোট স্থগিত করে ইসি। পরে সেখানে আবার ভোটগ্রহণ হয়।
আরও পড়ুন