Published : 19 May 2026, 04:46 PM
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুলিশ এসব দোকানপাট সরিয়ে দেয়।
জাতীয় পরিচয়পত্র সেবাকে ঘিরে এসব দোকানপাট গড়ে উঠেছিল, যেগুলোতে কম্পিউটার, প্রিন্টার ও ফটোকপি মেশিনসহ নানা যন্ত্রপাতি ছিল।
ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম বলেন, “এনআইডি সেবা পাওয়ার ভোগান্তি কমানোর নামে একটি দালাল চক্র অপতরৎপরতা চালাত। মাসিক সমন্বয় সভায় এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।”
তিনি বলেন, দালালদের দৌরাত্ম্য রোধে পুলিশের সংশ্লিষ্ট সার্কেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়েছে। এরপরই অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তেজগাঁও সার্কেলের পুলিশ, শেরেবাংলা থানা পুলিশ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পাশেই নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ভবনে ঢাকার আঞ্চলিক নির্বাচন অফিস ও ঢাকা জেলা নির্বাচন অফিস রয়েছে।
এনআইডি শাখার মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ভবনে বসেন। এনআইডি সেবার কাজ জেলা, উপজেলা কার্যালয়ে হলেও অনেকে কেন্দ্রীয় অফিসে দৌড়ঝাঁপ করেন।
নতুন ভোটার হওয়ার পাশাপাশি নিজের নাম, পিতার নামসহ নানা ধরনের তথ্য সংশোধন, প্রবাসী ও শিক্ষার্থীদের দ্রুত ভোটার করার তৎপরতা, আঙ্গুলের ছাপ না মেলাসহ নানা রকমের আবেদন আাসে প্রতিনিয়ত।
অনলাইনে আবেদনের পর নানা ধরনের জটিলতা পেরিয়ে বিশেষ করে দ্রুত সেবা পেতে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন সেবাগ্রহীতারা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এক দফা এ ধরনের দোকানপাট উচ্ছেদ করা হয়। গেল অক্টোবরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তায় ভবনের সামনের রাস্তার উপর অবৈধ ও ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদে চিঠি দেওয়া হয়। এরপর আগারগাঁও এলাকা থেকে আলোচিত ‘কেকপট্টির’ দোকানগুলো উচ্ছেদ করেন যৌথবাহিনীর সদস্যরা।
আরও পড়ুন
এনআইডি সংশোধন: সেবা নিয়ে দুর্ভোগ ‘কমেছে’, দাবি ইসি সচিবের