Published : 08 Sep 2026, 08:11 PM
ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
চোর সন্দেহে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আনুমানিক ২৫ বছর বয়সি ওই যুবককে আটকে বেধড়ক পেটানো হয়।
পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিটিসিএলের ওই কার্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল বলেন, সকালে দিকে তিনজন যুবক বিটিসিএল অফিসের দেয়াল টপকে ‘চুরির উদ্দেশ্যে’ ভেতরে প্রবেশ করে।
“এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। এতে দুজন পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে। পরে তাকে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।”
তার ভাষ্য, আনসার সদস্যদের মারধরে ওই যুবক গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে তাকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সেখানকার আনসারের সাবেক প্লাটুন কমান্ডার শওকত আলী বলেন, তিনি এখন আর আনসারে কর্মরত নেই। মাসখানেক আগে বিটিসিএল অফিসেই অন্য দায়িত্বে যোগ দিয়েছেন।
ঘটনার সময় ওই কার্যালয়ের সড়কের আগাছা পরিষ্কার করছিলেন জানিয়ে তিনি বলেন, “দুই পোস্টে দুইজন আনসার সদস্য কাজ করে, আর একজন লাঠি নিয়ে সারাক্ষণ ঘোরাফেরা করেন। প্রায়ই সেখানে চুরির ঘটনা ঘটে।
“আজ সকালেও চোর ঢুকলে দুইপাশ থেকে ধাওয়া দিয়ে ওই যুবককে আটক করে আনসার সদস্যরা। এরপর তাদের হেফাজতেই বেঁধে রেখে মারধর করে।”
মারধরে ওই যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেলা ২টার পরে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
শওকত আলী জানান, ঘটনার সময় বর্তমান প্লাটুন কমান্ডার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানতে চাইলে নুরুল ইসলাম “পরে ফোন দিচ্ছি” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পরে নুরুল ইসলাম বলেন, “শুধু আনসাররাই একা মারধর করে নাই। বিটিসিএলের লোকজনও মারধর করেছে।”
তার অভিযোগ, “প্রায়ই আমরা চোর ধরে বিটিসিএলকে জানাই, কিন্তু তারা থানাকে জানায় না। গত ২৭ তারিখেও একবার জানিয়েছি, আজও জানিয়েছি। কিন্তু তারা থানা পুলিশকে জানায়নি।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব সন্ধ্যা সোয়া ৬টার দিকে বলেন, “অভিযোগটি নিয়ে আমাদের অনুসন্ধানী টিম কাজ করছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলছি, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেব।”
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। খবর পেয়ে আমাদের অফিসার ঘটনাস্থলে গেছেন।”
এদিকে রাতে আনসার ভিডিপির সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নাজমুস সাকিব এক বিবৃতিতে যুবকের মৃত্যুর ঘটনায় আনসার সদস্যকে জড়িয়ে প্রকাশিত খবরটি ভিত্তিহীন বলে দাবি করেন।
ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও টিঅ্যান্ডটি তার ভান্ডার এলাকায় কয়েকজন যুবক অনুপ্রবেশ করে। এ সময় দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার সদস্য শাহজামাল এক যুবককে চুরি করতে দেখেন এবং তাকে ধাওয়া করেন। পুরানো টিনের চালের উপর দিয়ে দৌড়ানোর এক পর্যায়ে চোর চাল ভেঙে নিচে পড়ে যায়।
“পরবর্তীতে আনসার সদস্যদের সহযোগিতায় তাকে বিটিসিএল সংস্থার স্টাফ মো. শওকত হোসেন ওই যুবককে আটক করেন।“
ঘটনা প্রবাহ তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের মধ্যে পিসি নুরুল ইসলাম আটক চোরকে বিটিসিএলের (দুই কর্মী) সুলতান মাহমুদ এবং সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এরপর আনসার সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে নিজ নিজ দায়িত্বস্থলে ফিরে যান।”
ফলে আনসার সদস্যদের দ্বারা মারধরের বিষয়টি ঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে প্রকাশিত সংবাদের কোনো সামঞ্জস্য নেই বলে দাবি করা হয় বিবৃতিতে।