Published : 13 Apr 2026, 05:13 PM
জুলাই আন্দোলনের সময়ের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আরও তিন দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ।
ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন।
গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় মাঞ্জিলকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ।
রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার ।
রাষ্ট্রপক্ষে জামাল উদ্দিন মারজিন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে