১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

এদিন মোট ১৪টি ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 02:09 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদেরকে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সেলর (হজ) মো. কামরুল ইসলাম।

প্রথম ফ্লাইটে সৌদি আরবে যাওয়া ৪১৯ জন হজযাত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে ‘রিফ্রেশমেন্ট কিট’ তুলে দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন মোট ১৪টি ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি এবং সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪টি করে ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।