Published : 03 Jan 2026, 03:39 PM
সামনের ৪০ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাত আলী।
শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার।
সেখানে তিনি বলেন, "বর্তমানে ঢাকা শহরের অপরাধ পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণে আছে। আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।"
২০২৫ সাল খুব ‘অশান্ত একটি বছর ছিল’ মন্তব্য করে তিনি বলেন, "২৪ সাল ছিল এক ধরনের জুলাই আন্দোলন, কিন্তু ২৫ সাল সেই সূত্র ধরে বড়ই অশান্ত ছিল। শতশত ক্রাউড কন্ট্রোল করা হয়েছে।
দাবি দাওয়া নিয়ে মানুষের সড়ক অবরোধ করা নিয়ে সাজ্জাত আলী বলেন, “নানা গোষ্ঠীর স্বার্থন্বেষী মহলের দাবী দাওয়া নিয়ে রাস্তায় বের হওয়া, রাস্তায় ব্লক সৃষ্টি করা, ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে বসে থাকা খুবই দুঃখজনক। অসুস্থ মানুষ এবং গর্ভধারিনী মা বোনদেরও কষ্ট পেতে হয়। বহুবার অনুরোধ করার পরেও কেউ শুনেনি।"
গণতন্ত্রিক উপায়ে আন্দোলন করলে কোন সমস্যা নেই জানিয়ে তিনি তিনি বলেন, "দাবি দাওয়া নিয়ে রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দেবেন- এ কালচার থেকে আমাদের বের হয়ে আসাটা খুবই জরুরি।"
গত ১৪ মাসে দায়িত্ব পালনকালে কী কী ভুল হয়েছে সেটা নিয়ে লেখালেখি হলে তিনি ‘খুশি হবেন’ বলেও জানান।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের মধ্যে ব্যাপক রদবদল হয়েছে বলেও জানান তিনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার আসামি ফয়সালের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির পুলিশ কমিশনার 'নো কমেন্টস' বলেন।
তিনি বলেন, "ভিডিওটা আমরা দেখেছি পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দিব।"
আগামী নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, অনেকেই চাচ্ছেন। আমাদের রিসোর্স সক্ষমতার দিকে তাকাতে হচ্ছে। আপনার জীবনের প্রতি কতটা হুমকি আছে এটা আমরা এসবিকে দিয়ে অ্যাসেস করি। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কিছু ব্যক্তিকে গান ম্যান দেওয়া হয়েছে বিশেষ করে নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।"