১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ড্রেস কোড’: পিছু হটল বাংলাদেশ ব্যাংক

মুখপাত্রের ভাষ্য, পোশাক পরিধান নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি; সার্কুলারও জারি করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 12:59 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সমালোচনার মুখে কর্মীদের ‘পেশাদার ও মার্জিত’ পোশাক পরানোর উদ্যোগ থেকে পিছু হটেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার সকালে ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, “বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

“তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।” 

বিভাগীয় সভার আলোচ্যসূচিতে নারী কর্মীদের ক্ষেত্রে খাটো হাতা ও দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহারের কথা বলা হয়েছিল। আর পুরুষ কর্মীদের পোশাকের ক্ষেত্রে জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করে লম্বা বা হাফ হাতা ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরার কথা বলা হয়।

এ নিয়ে বুধবার সংবাদ প্রকাশ হলে সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। এর পরদিনই সেই উদ্যোগ থেকে সরে আসার কথা বলছে বাংলাদেশ ব্যাংক।

মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত মাননীয় গভর্নর মহোদয়ের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মুহূর্তে প্রত্যাহার করা হলো।”