Published : 21 Sep 2026, 01:46 AM
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; যাতে অন্যদের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে নিউ ইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকালে বক্তব্য দেবেন তিনি।
সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র কথা তিনি তুলে ধরবেন।
সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সূচি রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার এ সফরে বিশিষ্ট ব্যক্তি হিসেবে তার সঙ্গী হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব সৈয়দ গোলাম মহিউদ্দিন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে সরকার প্রধানরা শতাধিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিতেন। এবার ব্যতিক্রম ঘটাচ্ছেন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ছোট পরিসরের একটি প্রতিনিধি দল নিয়ে এই প্রথম জাতিসংঘ যাচ্ছেন।
এত ছোট প্রতিনিধি দল নিয়ে কোনো প্রধানমন্ত্রীর সফর এই প্রথম বলে তার ভাষ্য।
নিউ ইয়র্ক সফরের এ প্রতিনিধি দলে মন্ত্রিসভার পাঁচজন সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলে সাতজন রয়েছেন। এ সফরের সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মোট সদস্য সংখ্যা ৩৮ জন।
প্রতিনিধি দলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিনিধি দলের তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কেই রয়েছেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, এসএম জিয়াউদ্দিন হায়দার ও শামীম পারভেজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশর রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধিদের মধ্যে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রয়েছেন প্রতিনিধি দলে।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডেট বিগ্রেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ও প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল জুননম নাহিদ, প্রধানমন্ত্রীর এডিসি লে. কর্নেল শোহানুর রহমান রয়েছেন সফরসঙ্গীদের মধ্যে।